চাঁদাবাজি-সন্ত্রাস মুক্ত রাখতে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:১১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফেনী-৩ আসনে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সবধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হটলাইন নম্বর চালুর ঘোষণা দেন।

আবদুল আউয়াল মিন্টু লেখেন, ‘দাগনভূঞা-সোনাগাজী এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনোধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও প্রকাশ করেন মন্ত্রী। একই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান মিন্টু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে সংসদ সদস্য হয়েই শিল্পপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে এখানকার বাসিন্দারা।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।