ট্রাম্পের গাজা পরিকল্পনায় সমর্থন, পাকিস্তানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শাহবাজ ও ইসহাক দার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দেওয়ায় এবং ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠকের একটি ছবি শেয়ার করেন।

রুবিও লিখেন, তিনি প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে সাক্ষাৎ করে গাজা শান্তি পরিকল্পনায় পাকিস্তানের সমর্থন ও বোর্ড অব পিসে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া কৌশলগত সম্পর্ক, গুরুত্বপূর্ণ খনিজ উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

জবাবে ইসহাক দার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক পাকিস্তান মূল্যায়ন করে এবং শান্তি, সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ট্রাম্প-নেতৃত্বাধীন বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

বৈঠকে শাহবাজ শরিফ বলেন, গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠা একটি যৌথ লক্ষ্য এবং এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্রাম্প তার বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, বোর্ড অব পিস বৈঠকে পাকিস্তান অসাধারণ সম্মান পেয়েছে এবং এটি দেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

গত বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রথম ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব দেন। পরে তিনি জানান, এই বোর্ড শুধু গাজা নয়, বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও কাজ করবে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।