সেন্টমার্টিনে কেয়াবন নিধন, রিসোর্ট মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
সেন্টমার্টিন দ্বীপে কেয়া গাছ কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ মডেল থানায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান বাদী হয়ে এ মামলা করেন।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।
মামলার আসামিরা হলেন, সেন্টমার্টিনের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে কেফায়েত আল্লাহ এবং রিসোর্ট মালিক নুর মোহাম্মদ খান।
এজাহারে উল্লেখ করা হয়, সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে বেশ কিছু কেয়া গাছ কাটা হয়। এমন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের একটি দল সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পায়।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্টমার্টিন দক্ষিণ পাড়া সমুদ্র সৈকতের পাশে রিসোর্ট নির্মাণের উদ্দেশ্যে কয়েকটি গাছ কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় মো. আরমান বলছেন, জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত স্থাপনা নির্মাণ ও গাছ কাটার বিরুদ্ধে কঠোর নজরদারি প্রয়োজন।
গত ১৬ ফেব্রুয়ারি সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া সমুদ্রসৈকত এলাকায় কেয়াবন কাটার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
জাহাঙ্গীর আলম/এমএন/এএসএম