ওপেন এআইয়ে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা এনভিডিয়ার
ওপেন এআইয়ে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সবচেয়ে বড় সরবরাহকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াবে ৮৩০ বিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ওপেনএআই বর্তমানে ১০০ বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহের লক্ষ্যে নতুন ফান্ডিং রাউন্ড পরিচালনা করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই রাউন্ডে সফটব্যাংক গ্রুপ ও অ্যামাজনও অংশ নিতে পারে।
এই সম্ভাব্য বিনিয়োগ প্রযুক্তি জায়ান্টদের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে। উন্নত এআই সিস্টেম তৈরির প্রতিযোগিতায় চিপ নির্মাতা, ক্লাউড সেবা প্রদানকারী এবং এআই মডেল ডেভেলপারদের মধ্যে আর্থিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব বাড়ছে।
ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, নতুন এই বিনিয়োগ পরিকল্পনা গত সেপ্টেম্বরে ঘোষিত একটি পূর্ব প্রতিশ্রুতির জায়গা নিতে পারে। তখন এনভিডিয়া ওপেন এআইয়ের ডেটা সেন্টারে তাদের চিপ ব্যবহারের সহায়তায় ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের ইচ্ছা ঘোষণা করেছিল।
পরিকল্পনা অনুযায়ী, কয়েক বছরে ১০ কিস্তিতে ১০ বিলিয়ন ডলার করে বিনিয়োগের কথা ছিল। বিনিময়ে ওপেনএআই ১০ গিগাওয়াট নতুন কমপিউটিং সক্ষমতা স্থাপন এবং এনভিডিয়ার লাখ লাখ এআই প্রসেসর কেনার পরিকল্পনা করেছিল।
তবে ওই চুক্তি কখনো আনুষ্ঠানিক রূপ পায়নি। চলতি বছরের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, এআই খাতে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে চুক্তিটি কার্যত স্থগিত রয়েছে। বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শেয়ারবাজারে প্রায় ১৭ শতাংশ পতন ঘটেছে, যা মূল্যায়ন ও অবকাঠামো ব্যয়ের গতি নিয়ে উদ্বেগের প্রতিফলন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা ও শীর্ষ এআই কোম্পানির মধ্যে এই ধরনের অংশীদারত্ব বৈশ্বিক এআই অবকাঠামোর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে উচ্চ মূল্যায়ন ও বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে চুক্তিটি কবে চূড়ান্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।
কেএম