নারায়ণগঞ্জের কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে মারা যান তিনি।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী এলাকার বাসিন্দা। তার বাবার নাম জহুরুল ইসলাম সিকদার।

এর আগে কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

গত ১২ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন মনির হোসেন সিকদার। জুলাই গণঅভ্যুত্থানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছিলো।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন ৭১ সদস্যবিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।