নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার চরকুড়ুলিয়া গ্রামের সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।

ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের পদ্মার চরের প্রত্যন্ত জনপদ চরকুড়লিয়া গ্রামের বেসরকারি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে নিজস্ব কোন শহীদ মিনার নেই। ইচ্ছা থাকলেও ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন না এখানকার শিক্ষক- শিক্ষার্থীরা। তাই এবার ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা বাঁশ, কাঠ, কাগজ দিয়ে তৈরি করে শহীদ বেদি। দুই দিন আগে থেকেই শহীদ মিনার তৈরির প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা হয় ফুলের মালা। বেদীর সামনে কাগজের ওপর ফুলের পাঁপড়ি দিয়ে লিখে ২১শে ফেব্রুয়ারি। নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে উৎফুল্ল শিশু শিক্ষার্থীরা।

শিক্ষকরা বলেন, ‘আজ ২১ ফেব্রুয়ারি সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ফুল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। সকাল ৮টায় শুরু হয় প্রভাতফেরি। এরপর শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গান পরিবেশের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মেলান অভিভাবকেরাও।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উল্লাস উদ্দিন বলেন, ‘আমরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো শহীদ মিনার না থাকায় আমরা শ্রদ্ধা জানাতে পারি না। এবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে এখানে বাঁশ, কাঠ ও কাগজ দিয়ে একটি শহীদ মিনার তৈরির প্রস্তুতি নেয়। এ বিষয়ে স্যার-ম্যাডামদের কথা বলে তাদের অনুমতি নেওয়ার পর আমরা সহপাঠীরা এখানে শহীদ মিনার তৈরি করি। নিজেদের তৈরি শহীদ মিনারে ফুলের মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে আমরা সবাই আনন্দিত।

চতুর্থ শ্রেণির ছাত্রী ফারজানা রহমান জানায়, ‘দুদিন ধরে আমরা এ শহীদ মিনার তৈরি করেছি। আজ নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে।’

সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক সেলিম রেজা জাগো নিউজকে বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের শিশুদের বিদ্যালয় মুখী করতে এলাকার বিদ্যুাৎসাহী কিছু ব্যক্তির সহযোগিতায় এ শিশু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলাম। এখানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছে। প্রত্যন্ত গ্রামের এ শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা নিজ উদ্যোগে বাঁশ-কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করে এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছে।

শেখ মহসীন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।