সাংবাদিকদের আমির হামজা

সাংবাদিকতা মহান পেশা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়বেন না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:২১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিলে সংসদ সদস্য মুফতি আমির হামজা/ছবি সংগৃহীত

সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘আমরা চাই আগামীতে সাংবাদিকরা স্বচ্ছতা ও ধারাবাহিকতা ঠিক রাখবেন। ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে আমির হামজা বলেন, ‘আপনাদের এই কাজ আমরা ছোটখাটো হিসেবে বিশেষ করে আমি দেখি না। আমি এটাকে মহান পেশা মনে করি। আপনারা যে মহান পেশায় আছেন যেখান থেকে তথ্যগুলো এনে জাতির সামনে দেবেন, সেই কাজটা যে এবাদত আমরা অনেকেই মনে করি না।’

তিনি বলেন, ‘অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই এই পরিবেশ যেন বাকি ১১ মাসই থাকে। শুধু রমজান এসেছে বলে মাথায় টুপি তুলবেন না। এখন যে রকম পাচ্ছি আগামী ১১ মাসও এরকম চেহারা-সুরত এবং কর্ম আমরা আপনাদের দেখতে চাই।’

জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালনা করেন শহর জামায়াতের আমির এনামুল হক। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের মজলিসের শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর। এসময় গণমাধ্যমকর্মীসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।