পানি সম্পদ প্রতিমন্ত্রী
জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই খাল খনন করা হবে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা যুগান্তকারী ‘খাল খনন’ কর্মসূচিকে অনুসরণ করে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, তিনি জানান, দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে খননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল রয়েছে। এই খালটি খনন করা হলে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে। এতে করে সেচ খরচ কমে গিয়ে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সমন্বিতভাবে একটি টিম গঠন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এসময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/কেএইচকে/জেআইএম