ফ্যামিলি কার্ড
বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। ১০ মার্চ তিনি বগুড়া যাবেন। মূলত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতেই তার এ সফর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখীর (রহ.) মাজার জিয়ারত ও জুমার নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তার প্রথম বগুড়া সফর। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা ও উৎসাহ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রকল্পের রূপরেখা অনুযায়ী, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতিমাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা সরাসরি এ সুবিধার আওতায় আসবেন।
প্রতি পরিবারের একজন নারী সদস্য কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে চার মাস পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা হবে।
এসআর/এএসএম