সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...
ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী
ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে, সঙ্গে সামরিক উপস্থিতিও জোরদার করছে যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীর নাম ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন এই রণতরী ইসরায়েলের উপকূলে পৌঁছেছে।
আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪
আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
পাকিস্তানের হামলায় তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন
পাকিস্তানের সর্বশেষ বিমান হামলায় তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউরোপভিত্তিক থিংকট্যাংক ওসিন্ট তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লিখেছে, আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলায় তালেবানের জ্যেষ্ঠ কমান্ডারদের সাথে হায়বাতুল্লাহর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সীমান্ত সংঘর্ষে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, মানবিক আইন মানার আহ্বান
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তজুড়ে চলমান সংঘর্ষের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দুই পক্ষকে সীমান্ত সংঘর্ষ বন্ধ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬, তীব্র হচ্ছে মানবিক সহায়তা সংকট
গাজা উপত্যকার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার দুটি পুলিশ পোস্টে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এই ড্রোন হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ট্রাম্পের সঙ্গে দেখা করে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি
নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ১২ হাজার সাশ্রয়ী আবাসন ইউনিট ও অবকাঠামো নির্মাণের জন্য ২১ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ছাড়ের অনুরোধ জানান।
ভূমিকম্পে কাঁপলো কলকাতা
পশ্চিমবঙ্গের কলকাতায় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই কম্পন অনুভূত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশে। তবে এটির কেন্দ্রস্থল ও মাত্রার বিষয়ে এখনো কোনো তথ্য জানা জায়নি।
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম
পাকিস্তানের সশস্ত্র বাহিনী পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে বিশ্বে শীর্ষ ১৫ দেশের মধ্যে নিয়মিত স্থান পেয়ে থাকে। তাই আফগান তালেবানের পক্ষে পাকিস্তানের সঙ্গে প্রচলিত (কনভেনশনাল) যুদ্ধে জড়ানো সম্ভাবনা কম। বিশ্লেষকরা বিবিসি উর্দুকে এমন তথ্য জানিয়েছে।
এপস্টেইনের অপরাধ সম্পর্কে ‘কোনো ধারণা ছিল না’: হিলারি ক্লিনটন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেসের একটি কমিটিকে জানিয়েছেন, জেফরি এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একই সঙ্গে তিনি আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথের অধীনে জিজ্ঞাসাবাদ করার জন্য।
মহাকাশ মিশনে বিপর্যয়: যেভাবে প্রাণে বেঁচে ফিরেছে চীনা নভোচারী দল
মহাকাশ স্টেশন তিয়ানগং থেকে ফেরার সময় মৃত্যু ঝুঁকিতে পড়েছিলেন চীনের শেনঝৌ-২০ মিশনে থাকা নভোচারী দল। রিটার্ন ক্যাপসুলের জানালায় হওয়া ফাটল এক পর্যায়ে জরুরি অবস্থায় রূপ নেয়। ফাটল ধরা পড়ার পর ৫ নভেম্বরের নির্ধারিত প্রত্যাবর্তন স্থগিত করা হয়। এর ৯ দিন পর শেনঝৌ-২১ মহাকাশযানে করে তারা নিরাপদে পৃথিবীতে ফেরেন।
এসএএইচ