নির্মাণাধীন ব্রিজে গাড়ি চলাচলে বাধা, ম্যানেজারকে ‘তুলে নেওয়ার’ হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
অভিযুক্ত অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট ব্রিজে গাড়ি পারাপার নিয়ে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাইরাল হওয়া অডিও কল রেকর্ডে শোনা যায়, ছাত্রদল নেতা মোস্তাক আক্রমণাত্মক ভাষায় ঠিকাদারের ম্যানেজারকে শাসাচ্ছেন। এসময় তাকে বলতে শোনা যায়, ‘ব্রিজ ভাঙলেও গাড়ি যাইব, গাড়ি ছাড়!’ ঠিকাদারে ম্যানেজার তখন কাজ চলমান থাকার কারণে গাড়ি চলাচলে অপারগতা প্রকাশ করেন, এ সময় মোস্তাক তাকে এলাকা থেকে ‘তুলে নিয়ে যাওয়ার’ এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

‎অডিওতে মোস্তাককে বলতে শোনা যায়, ‘তুই আমার এলাকায় থাকস, আমার এলাকায় কাজ চলতাছে না কি চলতাছে হেইডা আমি দেখতাম না। গাড়ি ছাড়বি, না হয় তোরে একবারে টুডি (ঘাড়) ধইরা নিয়া যামু’। ‎অন্যপ্রান্তে ঠিকাদারের ম্যানেজারকে বলতে শোনা যায়, ‘কাজ চলাকালীন ব্রীজ দিয়ে গাড়ি চললে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং ব্রীজের ক্ষতি হতে পারে’। তবে মোস্তাক সেই যুক্তি তোয়াক্কা না করে বারবার তাকে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার হুমকি দিতে থাকেন। ‎

ঠিকাদারের ম্যানেজার রাকিব বলেন, আমরা এখানে সরকারি উন্নয়ন কাজ করতে এসেছি। আমরা শ্রমিক হলেও এই এলাকার মেহমান। পরিবার রেখে দূরে এসে এভাবে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ শোনা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। এখন নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি। বিষয়টি ঠিকাদারকে জানিয়েছি।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক বলেন, আমার এলাকার এক দরিদ্র ব্যক্তির অটো পার করার জন্য আমি অনুরোধ করেছিলাম। ম্যানেজার প্রথমে না করে পরে টাকা চেয়েছেন। আমার সঙ্গে ১০ মিনিট কথা হলেও কেবল উত্তেজনার ১ মিনিট রেকর্ড করে ছড়ানো হয়েছে।

‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখে সঙ্গে সঙ্গে মোস্তাকের মোবাইলে একাধিকবার কল দিলেও সে ফোন রিসিভ করেনি।

এসকে রাসেল/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।