জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী সমস্যা : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১২ জুলাই ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সমস্যা এখন বিশ্বব্যাপী। বিশ্বের উন্নত দেশগুলোতেও সন্ত্রাসবাদ আছে। কয়েকদিন আগে আমেরিকায় সন্ত্রাসী হামলা হয়েছে। কিছুদিন পরপরই সেখানে এ ধরনের হামলা হয়। বিশ্বের সবাই মিলে এ সমস্যা সমাধানের সময় এসেছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চারলেন রাস্তার কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।   

মন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো কিছু ঘটলেই আমেরিকা সহযোগিতার জন্য চলে আসে। কিন্তু তারা তো তাদের দেশেই সহযোগিতা করতে পারে। তবে আমরা আমেরিকার কাছ থেকে ট্রাকিং ডিভাইসের সহযোগিতা নিতে পারি। কারণ, এ ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে।

মন্ত্রী আরো বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা এবং কর্মস্থলে ফিরে আসা মোটামুটি স্বস্তিতে হয়েছে।

তিনি বলেন, দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। মেট্রোরেল হচ্ছে, নতুন রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। এখন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ অতিক্রম না করতে পারলে মেট্রোরেল বা ফ্লাইওভারে কোনো কাজ হবে না। মোটরসাইকেল ও তিন চাকার যানকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে।

এসময় নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, এএসপি (ট্রাফিক) বদরুল আলম, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

হোসেন চিশতী সিপলু/এএম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।