সিলেটে ঝোপের ভেতরে মিললো মানব কঙ্কাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৩ মার্চ ২০২৬

সিলেটের বিশ্বনাথে ঝোপের ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার পেছনের ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ।

কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। পুলিশের ধারণা, কঙ্কালটি কোনো নারীর হতে পারে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনসাথ বাইপাস সড়কে পেট্রোল পাম্পের পাশের একটি বাসার সীমানার বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। এসময় কঙ্কালের পাশে নারীর চুল উদ্ধার করা হয়েছে।

কঙ্কাল উদ্ধারের সময় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কঙ্কালটি নারীর হতে পারে। তবে এটি কোথা থেকে এসেছে, তদন্ত চলছে।

আহমেদ জামিল/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।