বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৭ মার্চ ২০২৬
নিহত চয়ন রাজভর

বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চয়নের ভাইসহ দুজন আহত হয়েছেন।

নিহত চয়ন রাজভর ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ির দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার রাতে তারাবির নামাজের পর ওই জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ শাহিন ফকির ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে চয়নের ওপর হামলা চালায়। হামলাকারীরা চয়নের বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে নিহত চয়নের ভাই নয়ন রাজভর এবং প্রতিপক্ষের আমিনুর ফকির আহত হয়েছেন। নয়ন রাজভরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত শাহিন ফকির ও তার ছেলেরাসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এল.বি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।