তিনঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:২০ এএম, ০৯ মার্চ ২০২৬

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে তিনঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর ৫টা ১০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরির মার্কিং বাতি এবং নৌপথ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, ফলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ সময় ‘শাহ পরান’ নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এতে কয়েকশ যাত্রী ও শ্রমিককে দুর্ভোগ পোহাতে হয়।

এছাড়া পাটুরিয়া ঘাটে বাইগার, শাহ মখদুম, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বনলতা নামে চারটি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত, হাসনাহেনা ও গোলাম মাওলা নামে আরও চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ভোরবেলায় পদ্মা–যমুনা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ছে। ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সালাম হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ভোরে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

মো. সজল আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।