খুলনায় সবজির বাজার স্থিতিশীল, দাম বেড়েছে মুরগির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৮ মার্চ ২০২৬

রমজান মাসে খুলনার বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। হাতে গোনা কয়েকটি সবজি বাদে প্রায় সব সবজির দাম রয়েছে নিয়ন্ত্রণে। তবে মুরগির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার (৮ মার্চ) খুলনার বয়রা বাজার, নতুন বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৩০-৩৫ টাকা, ঢেড়স ৫০ টাকা কেজি, টমেটো ১৫-২০ টাকা কেজি, লাউ ৩০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা কেজি, শিম ২০-৩০ টাকা কেজি, কাঁচামরিচ দাম কমে ৫০-৬০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। অন্যদিকে পেঁয়াজ ৪০-৫০ টাকা দরে এবং রসুন ৫০-৬০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুলনায় সবজির বাজার স্থিতিশীল, দাম বেড়েছে মুরগির

বাজারে ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি দরে, সোনালি ৩০০ টাকা কেজি দরে ও লেয়ার ২৭০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ২০-৩০ টাকা কেজিতে দাম কম ছিলো।

মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম তুলনামূলক কম আছে। বেগুনের দাম কমেছে ২০-২৫ টাকা কেজিতে। শীতকালীন সবজিও বাজারে কিছুটা আছে। তার দামও কম। সিজনের শেষ সময়। তবে দাম এমনটা থাকার সম্ভাবনা বেশী বলে তিনি জানান।

খুলনায় সবজির বাজার স্থিতিশীল, দাম বেড়েছে মুরগির

বয়রা বাজারের মুরগি ব্যবসায়ী ফারুক বলেন, গত সপ্তাহ থেকে মুরগির কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে। পাইকারি আমাদের ২০-২৫ টাকা বেশী মূল্যে কিনতে হচ্ছে। মুরগি বিক্রি করে এখন লাভ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বয়রা বাজারে আসা ক্রেতা জীবন হোসেন বলেন, বাজারে সবজি ও মাছের দাম অনেকটা কম রয়েছে। তবে মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে। গত দুই সপ্তাহ ধরেই দাম বেড়েছে। মাংস বলতে মুরগির চাহিদা বেশী থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেছেন বলে দাবি তার।

নিউ মার্কেট বাজারে আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকেই সবজির দাম অনেকটা কম রয়েছে। তবে লেবু আর শসার দাম তুলনামূলক বেশি। এছাড়া মুরগির দাম বেড়েছে। তবে মাছের দাম অনেকটা কম আছে বলে জানান তিনি।

আরিফুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।