হেডফোন কানে রেললাইনে হাঁটছিল কিশোর, প্রাণ গেলো ট্রেনের ধাক্কায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১১ মার্চ ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতো। প্রতিদিনের মতো আজ সকালেও কাজ শেষ করে সে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিল। তখন কানে হেডফোন থাকায় পেছন থেকে আসা ট্রেনের হর্ন সে শুনতে পায়নি। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় লিমন রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লিমনের নিথর দেহের পাশে পড়ে ছিল তার সেই রক্তমাখা হেডফোনটি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রেললাইনে অসাবধানতাবশত হাঁটার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহফুজ রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।