প্রতিমন্ত্রী নুরুল হক

উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১১ মার্চ ২০২৬
‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর/ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়ন ও শিল্পায়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মিরপুরে অবস্থিত আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মো. নুরুল হক বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন ও শিল্পায়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে আমাদের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি। সে জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারায় নিয়ে আসতে হবে এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যদি আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করা যায়, তাহলে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স আয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এ সময় দেশের শিল্পায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আরও বড় বিনিয়োগ এবং শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন সেমিনারের বক্তারা।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কারিকুলাম পরামর্শক ড. মো. শাহ আলম মজুমদার ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। এছাড়া ‘শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্পশ্রমিকে রূপান্তর’ প্রকল্পের পরিচিতি তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক মো. আবু হাসানাত।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। সভাপতিত্ব করেন ইউসেপের বোর্ড অব গভর্নরস চেয়ারপারসন ড. ওবায়দুর রব।

কেআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।