সয়াবিন তেল মজুতের দায়ে চাঁদপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৫ মে ২০২৬
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলের সয়াবিন তেল মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বোতলের সয়াবিন তেল মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন হয়নি, ফের অনিশ্চয়তা 
উৎসবের মাসে বিষাদের ছায়া 

এছাড়া অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বোতলের সয়াবিন তেল মজুত পাওয়ায় হাওলাদার ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং পচা-বাসি মাংস ফ্রিজে সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় মজুত করা ৩২০ লিটার বোতলের সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহায়তা করে।

শরীফুল ইসলাম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।