মসিক প্রশাসক
নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রোকনুজ্জামান সরকার।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পরপরই নতুন প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না। এখানকার সব কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে রোকনুজ্জামান সরকার বলেন, আসন্ন ঈদ উপলক্ষে নগরীর যানজট নিরসনই হবে আমার প্রথম কাজ। ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে আমার একদল ভলান্টিয়ার থাকবে। তারা ‘সেবক’ লেখা জার্সি পরে কাজ করবেন এবং তাদের টিম লিডার হিসেবে আমি নিজেই মাঠে থাকবো।
নগরীর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী থাকা সত্ত্বেও নগরী অপরিচ্ছন্ন থাকা কাম্য নয়। কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি থাকার কথা নয়।
ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই। সিটি করপোরেশনকে নতুন করে ঢেলে সাজাতে আমি প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। এখন থেকে সাধারণ মানুষ সিটি করপোরেশনের সর্বোচ্চ সুবিধা ভোগ করবে।’
মসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ময়মনসিংহ-৫ আসনের এমপি মো. জাকির হোসেন বাবলু উপস্থিত ছিলেন।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকারকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
রোকনুজ্জামান সরকার ছাত্রজীবনে ময়মনসিংহ সরকারি কলেজের জিএস এবং ভিপি নির্বাচিত হন। এরপর কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম