উল্লাপাড়ায় ইটের আঘাতে অটোযাত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

২০ দলের অবরোধ চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পিকেটারের ইটের আঘাতে ইসমাইল হোসেন (৩৭) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল গোলজত্বর (সিরাজগঞ্জ রোড) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার জুংলীপুর গ্রামের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, হাটিকুমরুল থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে উল্লাপাড়ায় যাওয়ার পথে পিকেটারদের হামলার শিকার হয়।

এক পর্যায়ে পিকেটাররা অটোরিকশাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি গর্তে পড়ে যায়। এ সময় ইটের আঘাতে ইসমাইলসহ আরও দুই যাত্রী আহত হন। ইসমাইলকে বগুড়ায় হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তিনি মারা যান।  উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।