ঈদ উদযাপন করলো দিনাজপুরের ২০ গ্রামের মানুষ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১০:১৭ এএম, ২০ মার্চ ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুইটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুরে একই সময় বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদরাসা মাঠে জামাত দুটি অনুষ্ঠিত হয়।

আয়ড়া মাদরাসা মাঠে আল আমিন এবং খয়ের বাড়িতে দোলোয়ার হোসেন ইমামতিতে জামাত দুটি অনুষ্ঠিত হয়। দুই জামাতেই ২০ গ্রামের দুই শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন।

সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে খয়ের বাড়ি জামাতের ইমাম মো. দোলোয়ার হোসেন কাজি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা।

ঈমাম দেলোয়র হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, বিরামপুর উপজেলায় জোতবানি এবং বিনাইল দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে যেন কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইটি জামাতের ২ শতাধিক মুসল্লি অংশ নেন।

মো.মাহাবুর রহমান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।