বিএনপি-আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, অনুষ্ঠান পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটেছে। এসময় বক্তব্য দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক আওয়ামী লীগ নেতা বজলার রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। এ সময় হট্টগোল সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

বিএনপি-আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, অনুষ্ঠান পণ্ড

এ বিষয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করেন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলার সুযোগ পাইনি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও তরিকুল ইসলামসহ কয়েকজন আমাকে বাধা দেন। আমি বিএনপিপন্থি হওয়ায় আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা ঠিক ছিল। জুবায়ের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত ঘোষণা করা হয়।

সোহান মাহমুদ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।