জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। জামায়াত-শিবির দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তিনি সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে যশোর জিলা স্কুল মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইএসকে (ইসলামিক স্টেট) ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সংগঠন উল্লেখ করে তিনি বলেন, প্রমাণিত হয়েছে আইএস কোনো ইসলামী সংগঠন নয়। তারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। আইএস যদি ইসলাম প্রতিষ্ঠা করতেই চায়, তাহলে তারা ইসরায়েলে কেন হামলা করছে না।
হানিফ আরও বলেন, ব্লগার, বিদেশি, পুরোহিত হত্যার পর গুলশানে হামলা করা হয়েছে। এটা সুপরিকল্পিত হামলা। এই হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীরা জামায়াত-শিবিরের।
তিনি বলেন, দেশে হত্যাকাণ্ডের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। গুলশান হামলা ও বিভিন্ন স্থানে পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা জড়িত। গুলশান হামলায় জড়িত বগুড়ার দুই জঙ্গি ছাত্রশিবিরের কর্মী ছিল। ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যাকাণ্ডের ঘটনায় আটক শিবির কর্মী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাসির উদ্দিন মোল্লা।
মিলন রহমান/এসএস/পিআর