শহীদ ফারহান ফাইয়াজ সেতুতে বিনোদন প্রেমীদের ভিড়

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:০০ পিএম, ২২ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষায় শহীদ ফারহান ফাইয়াজ সেতুতে বিনোদন প্রেমীরা ভিড় জমিয়েছেন। উপজেলার মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর এ সেতুতে যান চলাচলের তেমন চাপ না থাকায় এটি জনপ্রিয় বিনোদন স্পটে রূপ নিয়েছে। হাজারো মানুষের মিলনমেলায় মুখর হয়ে উঠেছে সেতু।

রোববার (২২ মার্চ) সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই সেতু এলাকায় ভিড় করতে শুরু করেন নানা বয়সী মানুষ।

শীতলক্ষ্যা নদীর মনোরম দৃশ্য, নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাস এবং সেতু থেকে বিভিন্ন পণ্যবাহী জাহাজ, ট্রলার ও নৌকার ছুটে চলা উপভোগ করতে ভিড় করেন আগতরা। বিশেষ করে দুপুরের পর থেকে দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকেই ছুটে আসেন খোলা পরিবেশে কিছুটা সময় কাটাতে।

শহীদ ফারহান ফাইয়াজ সেতুতে বিনোদন প্রেমীদের ভিড়

কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউবা বিভিন্ন রং-ঢঙের পোজ দিয়ে ছবি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। আবার কেউ কেউ বানাচ্ছেন টিকটকের রিল। উঠতি বয়সের তরুণ যুবকরা মোটরসাইকেলে চড়ে ঘুরছেন সেতুর এপার থেকে ওপার।

নদীর পূর্ব পাড়ে সেতু সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে জমেছে আনন্দ মেলা। শিশুদের দেখা যায় নতুন জামা পরে বেলুন হাতে খোলা চত্বরে দৌড়ঝাঁপ করছে। বাবা-মায়ের সঙ্গে কাটানো এই সময়টুকুই তাদের কাছে ঈদের বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে। সড়কের পাশে গড়ে ওঠা চটপটি ফুচকা ও বার্গারসহ বিভিন্ন খাবারের দোকানগুলোতে প্রিয়জনদের সঙ্গে জমেছে ভোজন আড্ডা।

শহীদ ফারহান ফাইয়াজ সেতুতে বিনোদন প্রেমীদের ভিড়

রাজধানীর ডেমরা থেকে ঘুরতে এসেছেন ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, ‌‘শীতলক্ষ্যা নদীর ওপর এই সেতুটিতে যানবাহনের চাপ কম থাকায় প্রতি ঈদে এখানে বিনোদন স্পটে রূপ নেয়। নির্মল বাতাস, নদীর মনোরম দৃশ্য—সব মিলিয়ে খুবই ভালো লাগে। তাই কোনো পার্ক ও রিসোর্টে না গিয়ে এখানে ঘুরতে এসেছি।’

সেতুর পার্শ্ববর্তী এলাকা কর্ণগোপ থেকে ঘুরতে আসা স্কুল শিক্ষার্থী লুবাবা বলে, ‘ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছি। ব্রিজে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য দেখছি। নদীপাড়ে মেলায় ঘুরেছি। খুবই ভালো লাগছে।’

শহীদ ফারহান ফাইয়াজ সেতুতে বিনোদন প্রেমীদের ভিড়

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জাগো নিউজকে বলেন, ঈদ উৎসবে দর্শনার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বিনোদন স্পটগুলোতে যেন নির্বিঘ্নে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নাজমুল হুদা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।