মেসি-রোনালদোর মতো গোল করে আলোচনায় কে এই সুলিভান?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২০ পিএম, ২৫ মার্চ ২০২৬

রোনান বেনজামিন সুলিভান। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলে ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে। সহোদর ডেকলান সুলিভানকে নিয়ে প্রথমবারের মতো তিনি সুযোগ পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের।

মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলারের। অভিষেকেই জোড়া গোল করে বাংলাদেশকে উপহার দিয়েছেন দারুণ এক জয়। তার করা দুটি গোলই ছিল দর্শণীয়। বিশেষ করে ফ্রি-কিক থেকে করা গোলটি এখন সোশ্যাল মিডিয়ায় দুনিয়ায় ভাইরাল।

এমন গোল দেখা যায় মেসি, নেইমার আর রোনালদোদের কাছ থেকে। এই বিশ্বতারকারা বিস্ময়কর কিছু শটে গোল করে তাক লাগিয়ে দেন ফুটবল দুনিয়ায়। রোনান সুলিভানের গোলটিকে অনেক দর্শক তুলনা করছেন মহাতারকাদের অনেক গোলের সঙ্গে। বাংলাদেশের ফুটবলাদের পা থেকে এমন গোল দেখা যায় না বলেও মন্তব্য করছেন অনেকে।

কেউ কেউ আবার বলছেন, সুলিভানের গোলের কৃতিত্বের চেয়ে পাকিস্তানের গোলরক্ষক ও তাদের সাজানো ওয়ালের ব্যর্থতাই বেশি। তবে সবাই এটা স্বীকার করছেন সুলিভানের শটের পারফেকশন ছিল দারুণ। এই যেমন সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন বললেন,‌ ‘যারা বলছেন পাকিস্তানের ডিফেন্সিভ ওয়াল ও গোলরক্ষকের ভুলে ফ্রি-কিকের গোলটি হয়েছে তাদের সাথে আমি একমত নই। এখানে আমাদের দেখতে হবে তার সেন্স ও পজিশন জ্ঞান।’

Sulivan

সুলিভানের মাধ্যমে বাংলাদেশ একজন প্রথাগত ফরোয়ার্ড পেতে পারেন সেই সম্ভাবনার কথা উল্লেখ করে কানন বলেছেন, ‘অনেক দিন ধরে বাংলাদেশের ফুটবল একজন প্রথাগত নাম্বার নাইন বা দক্ষ স্ট্রাইকারের অভাব আছে। আমার মনে হয় সেই অভাবটা পূরণের জন্য সম্ভাবনাময় হবেন এই সুলিভান। যে গোলটি হেডে করেছেন তাতেই প্রমান হয়েছে তার পজিশন সেন্স।’

‘মুরশিদ যে শটটি বাইরে মেরেছেন সেটা সুলিভানকে দিলে গোল হতে পারতো। কারণ, সুলিভান তখন পজিশনমতোই ছিলেন। আর ফুটবলে প্রতিপক্ষ ভুল না করলে আপনি গোল কিভাবে করবেন। সেটা খেলারই অংশ। হয়তো পাকিস্তানের কৌশলে ভুল ছিল। তবে তাদের সবকিছু ঠিকঠাক থাকলেও সুলিভানের ওই শট ফেরানো যেতো না। বলটি শেষ মূহূর্তে বাঁক খেয়ে জালে ঢুকেছেন। সবারই ধারণা ছিল বলটি বাইরে যাবে। এক কথায় তার শটটি ছিল নিঁখুত।’

এই গোলের পর কানন অবশ্য সুলিভানের প্রশংসা করার পাশাপাশি সবাইকে অতি আনন্দিত হতেও বারণ করেছেন। তিনি মনে করেন বাংলাদেশের প্রধান ম্যাচটি ভারতের বিপক্ষে। সেই ম্যাচে জিততে হবে। কারো একটি ম্যাচ ও দুটি গোল দেখেই কি আকাশে ওঠানোর সুযোগ আছে? জানতে চাইলে কানন বলেন, ‘সেটা নেই। তবে সে যে ট্যালেন্ট খেলোয়াড় সেটা প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন।’

আরেক সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদও মনে করেন, দেশের ঘরোয়া ফুটবলেও এমন গোল দেখা যায় না। তবে এই গোলের জন্য সুলিভানরে মেধার প্রশংসা করতেই হবে। ওয়াল ও গোলরক্ষকের ভুলের কথা অনেকে বলেন। তাতে সুলিভানের কৃতিত্বকে ছোট করা হয়। কারণ প্রতিপক্ষ যদি ভুল করেই থাকে সেই ভুলের সুযোগ তো সুলিভান কাজে লাগিয়েছেন। অনেকে তো ফাঁকা পোস্টেও গোল করতে পারেন না। তাই এটা স্বীকার করতেই হবে দুর্দান্ত গোল করেছেন এই তরুণ ফরোয়ার্ড।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।