ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের ধীরগতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৭ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল সড়কের যমুনা সেতুর পশ্চিম অংশে চাপ বাড়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে সেতুর পূর্বপাড়ে ঢাকামুখী লেনে একটি গাড়ি বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন শুধু বাড়তি চাপে গাড়ি ধীরগতিতে চলছে। তবে কোনো জট নেই।

তিনি জানান, মূলত সেতুর পূর্বপাড় টাঙ্গাইলে একটি গাড়ি বিকল হওয়ায় যান চলাচল সকালে ব্যাহত হয়। যার প্রভাব সেতুর পশ্চিম পাশে পড়েছিল।

থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা বলেন, ভোররাত থেকে ঢাকামুখী লেনে গাড়ির চাপ বেড়েছিল। তবে দুপুর ১টা থেকে কিছুটা কমতে শুরু করেছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঢাকামুখী লেনে রাত থেকে চাপ বেশি। কিন্তু সেতুর পূর্বপাড়ে একটি গাড়ি বিকল হওয়ায় কর্মস্থলে ফেরা মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শেষে উত্তরের ছয় লেন সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন সেতুর মাত্র দুই লেন দিয়ে পারাপার হচ্ছে। এতে স্বাভাবিকভাবে গাড়ি চলাচলে কিছুটা ধীরগতি তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৭ হাজার যানবাহন সেতু পার হয়। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত আরও প্রায় ২২ হাজার যানবাহন সেতু পারাপার হয়েছে।

এমএ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।