নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৮ মার্চ ২০২৬

নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৭ মার্চ) রাতে নাটোরের বড়াইগ্রাম ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ নিহত হন। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মোটরসাইকেলে করে বাবা-ছেলে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার নওপাড়া জুট মিলের সামনে আলুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিন্টু (৩২) নামে এক ইজিবাইক চালক নিহত হন। তিনি সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক নওপাড়া ফ্লাসি প্লাস জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মিন্টুকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে এবং পলাতকদের আটকের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।