মানিকগঞ্জ

সড়কপথে দুর্ভোগ, বাড়তি ভাড়ায় ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৮ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের ঢাকামুখী যাত্রা শুরু হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার যাত্রীরা দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথ ব্যবহার করে রাজধানীর উদ্দেশে রওনা দিচ্ছেন। নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও সড়কপথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

ঢাকাগামী বিভিন্ন বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, ঈদ-পরবর্তী অতিরিক্ত চাপকে কাজে লাগিয়ে কিছু অসাধু পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছেন। এতে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ফরিদপুর গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করে নিজ কর্মস্থল ঢাকার উত্তরায় ফিরছেন আমজাদ হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি ফরিদপুর থেকে ঘাটে আসতে আমার ৫০ টাকা বাড়তি দিতে হয়েছে। এখন পাটুরিয়া ঘাটে নেমে নিলাচল আর সেলফি পরিবহনের ভাড়া শুনে অবাক হয়েছি। কী করার, যাইতে হবে। আমি গাবতলী যাব, আমার কাছে চাওয়া হচ্ছে ২৫০ টাকা। কী আর করা, যাইতে হবে বেশি দিয়ে হলেও যাইতে হবে।

ঝিনাইদহ থেকে ঢাকায় ফিরছেন জুবায়ের। তিনি জাগো নিউজকে বলেন, ঈদ আসলেই সবাই আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের লক্ষ্যে মাঠে নেমে পড়ে। ঈদ শেষ, এখন কর্মস্থলে ফিরছি, তবুও আমাদের ১০০ থেকে ২০০ টাকা বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে। বিষয়টি দুঃখজনক।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তিনটি বাসের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. সজল আলী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।