চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) বিকেলে শহরের ডা. আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামের দর্শক গ্যালারি থেকে ককটেলটি উদ্ধার করেন আনসার সদস্য মো. আজারুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ।

মাঠে কর্মরত আনসার সদস্য ও শ্রমিকরা জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

দায়িত্বরত আনসার সদস্য আজারুল ইসলাম বলেন, গ্যালারির পাশে ককটেলটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি সেটি উদ্ধার করে পানির মধ্যে রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়েছে। সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেল উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরও জানান, যথাযথভাবে দিবস উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

সোহান মাহমুদ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।