খেলা অবস্থায় রাজনীতি নয়- প্রধানমন্ত্রীর সঙ্গে একমত বিসিবির সহ-সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ পিএম, ৩০ মার্চ ২০২৬

দেশের পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের হাতে ‘ক্রীড়া কার্ড’ ও পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সক্রিয় খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা উচিত নয়। একজন অ্যাথলেটের মূল পরিচয় হওয়া উচিত তার মাঠের পারফরম্যান্স। তারা মাঠের লড়াই দিয়েই দেশের প্রতিনিধিত্ব করবেন, রাজনৈতিক পরিচয়।’

প্রধানমন্ত্রীর এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি উনার (প্রধানমন্ত্রী) বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। খেলার সময়ে রাজনীতি আইন করে বন্ধ করা উচিত। নিজের স্টারডমকে কাজে লাগিয়ে সক্রিয় খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতি করা মোটেও কাম্য নয়।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা বিতর্কের দিকে ইঙ্গিত করে ফারুক আরও বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড় বর্তমানে এই সমস্যায় ভুগছেন, তাদের নাম বলার প্রয়োজন মনে করছি না। তবে আমরা ভবিষ্যতে এমনটা আর দেখতে চাই না। খেলা ছাড়ার পর রাজনীতি করার অনেক উদাহরণ বিশ্বে আছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু খেলার মাঠে থাকা অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখাই পেশাদারত্ব।’

সক্রিয় রাজনীতি এবং ব্যক্তিগত সমর্থনের মধ্যে পার্থক্য টেনে তিনি স্পষ্ট করে বলেন, ‘রাজনীতি মানুষের অধিকার। আপনি কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু সক্রিয় কর্মী হওয়া আলাদা বিষয়। আমি নিজেও হয়তো কোনো দলের সমর্থক, কিন্তু কোনো দলে নাম লেখাইনি।’

এসকেডি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।