চাঁদপুরে তিন মামলায় দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ৩১ মার্চ ২০২৬

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় করা তিনটি মামলায় চাঁদপুর আদালতে পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে ভার্চুয়ালি হাজির দেখানো হয় তিন মামলার আসামি সাবেক এই মন্ত্রীকে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জিআর ৫৭৯ মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ্ ও জিআর ৫৮৫ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আসামিকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি (বর্তমান এমপি) শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ আগস্ট দুইবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এই ঘটনায় করা মামলায় ১ নম্বর আসামি দীপু মনি। তার নির্দেশে অন্যান্য আসামিরা এই ঘটনা ঘটায়। সেই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

চাঁদপুরে তিন মামলায় দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট

মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আরেক মামলার তদন্তকারী কর্মকর্তা নুলে আলম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ১ নম্বর আসামি দীপু মনির নির্দেশে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ভবনের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অন্যান্য আসামিরা। ওই মামলায় দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

তিনটি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই তার মামলার অভিযোগের বিষয়ে বক্তব্য দেন।

আদালত থেকে জানানো হয়, তিনটি ঘটনাই চাঁদপুরে সংঘটিত হয়। দীপু মনিকে এজাহারে নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে দেখানো হয়েছে। আসামি বলেছেন, তিনি জড়িত ছিলেন না। তদন্তের স্বার্থে তিনটি মামলায় আসামির শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেন বিচারক। দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউরিটির অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম, সম্পাদক জাকির হোসেন ফয়সালসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।