এমপি শেখ ফরিদ
চাঁদপুর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবেন না। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে উনাদের কোনো কাজ নেই। রোগীদের ওষুধ লিখে দিতে পড়াশোনা করেই চিকিৎসক হয়েছেন।
চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সঠিক সময়ে হাসপাতালে আসবেন। দায়িত্ব পালনের সময়ে বাইরের কোনো চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন না।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘হাসপাতালের সামনে কোনো দালাল কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে দেখতে চাই না। গণমাধ্যমে যারা কাজ করেন তাদের প্রতি অনুরোধ, দালালদের দেখলে ছবি তুলে পুলিশে দেবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাকেও জানাতে পারবেন।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. নুর আলম দীন।
চিকিৎসক কাজলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন।
শরীফুল ইসলাম/এসআর/জেআইএম