ঢাবি রোভার স্কাউট গ্রুপের হীরক জয়ন্তী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম/ছবি: জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—র‌্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো প্রভৃতি।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী পর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) সভাপতি মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা অধ্যাপক মো. রমজুল হক স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন। রোভার স্কাউট গ্রুপের লিডার ড. ফাতিমা আক্তার স্বাগত বক্তব্য দেন। হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জহির আহম্মেদ সরকার ধন্যবাদ জ্ঞাপন করেন। রোভার স্কাউট গ্রুপের লিডার তানজীনা বিনতে নূর ও প্রাক্তন সিনিয়র রোভার মেট মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দীর্ঘ ছয় দশক ধরে শৃঙ্খলা, সেবা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে অনন্য ভূমিকা পালন করছে।

সমাজ পরিবর্তনে স্কাউটদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, অসামাজিক কার্যক্রম রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতেও তিনি স্কাউট সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি স্কাউটদের সেবামূলক কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জাতীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ২০ লাখ স্কাউটকে সরকারি কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে। তিনি ‘মেন্টরিং’, বৃক্ষরোপণ এবং জ্বালানি সাশ্রয়সহ বিভিন্ন জনসেবামূলক কাজে স্কাউটদের দক্ষতা ও নৈতিকতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট বাহিনী আগামী দিনে দেশ ও সমাজ গঠনে সরাসরি নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বর্ণাঢ্য ‘হীরক জয়ন্তী ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ড. মীর শরীফুল ইসলাম। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বিশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ড. ফাতিমা আক্তার, তানজীনা বিনতে নূর, জ্যোতিষী চাকমা, বাদল মিয়াসহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) নেতারা উপস্থিত ছিলেন।

এফএআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।