সন্তানের গলায় ছুরি ধরে শিক্ষকের টাকা লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৫ এপ্রিল ২০২৬

সিলেটে একদিনে পৃথক দুইটি ছিনতাইয়ের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনদুপুরে এক কলেজ শিক্ষকের তিন বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে টাকা লুট করেছে ছিনতাইকারীরা। একইদিনে এক সাংবাদিককে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল) নগরীর আম্বরখানা ও তেমুখী পয়েন্টে এসব ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক অহী আলম রেজা তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আম্বরখানা থেকে শাহী ঈদগাহের উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটিতে আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর আরও একজন ওঠেন। পথিমধ্যে হঠাৎ এক যাত্রী তার শিশুসন্তানের গলায় ছুরি ধরে চুপ থাকতে বলে। আতঙ্কিত হয়ে সন্তানকে জড়িয়ে ধরলে ছিনতাইকারী তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

ভুক্তভোগী শিক্ষক অহী আলম রেজা বলেন, নির্ধারিত গন্তব্যে না নিয়ে কিছু দূরে নামিয়ে দিয়ে অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে ও নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করে। এ ঘটনায় তিনি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, একইদিন ভোর সোয়া ৫টার দিকে নগরের তেমুখী ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হন সাংবাদিক রায়হান উদ্দিন। তিনি দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।

ছিনতাইয়ের শিকার সাংবাদিক রায়হান বলেন, ঢাকা থেকে বাসে সিলেটে এসে টুকের বাজার এলাকায় নামার পর বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা তিন দুর্বৃত্ত তাকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ঘটনাগুলোতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহমেদ জামিল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।