হাতির পিঠে চড়ে বরযাত্রা, নববধূ ফিরলেন ঘোড়ার গাড়িতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬
হাতির পিঠে চড়ে বর যাচ্ছেন কনের বাড়িতে/ছবি

রাজকীয় আভিজাত্য আর পুরোনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে এনে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বিয়ে। শ্বশুরের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর, আর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফিরলেন ঘোড়ার গাড়িতে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জয়পুরহাট সদর উপজেলার এই আলোচিত বিয়েটি পুরো জেলায় সাড়া ফেলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত এই বিয়ের বরের নাম মো. ফারহান ফয়সাল (২৮)। তিনি সদর উপজেলা চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে। ফারহান ফয়সাল বিমান বাহিনীতে চাকরি করেন। অপরদিকে কনের নাম মোসা. ফারহানা আক্তার (২৬)। তিনি সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কনের বাবা দুলাল হোসেনের দীর্ঘদিনের শখ ছিল তার ছোট মেয়ের জামাই আসবে হাতির পিঠে চড়ে এবং মেয়ে শ্বশুরবাড়ি যাবে ঘোড়ার গাড়িতে। শ্বশুরের সেই শখ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর ফারহান ফয়সাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে হাতির পিঠে চড়ে রওনা হন। ১৪ কিলোমিটারের এই দীর্ঘ যাত্রাপথে রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিকেলে বরযাত্রীর বহর কনের বাড়িতে পৌঁছালে সেখানেও তৈরি হয় ব্যাপক কৌতূহল।

এছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফারহানা আক্তারকে নিয়ে ফারহান ফয়সাল যখন ঘোড়ার গাড়িতে করে নিজের গ্রামে ফেরেন, তখন গ্রামীণ জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

হাতির পিঠে চড়ে বরযাত্রা, নববধূ ফিরলেন ঘোড়ার গাড়িতে

স্থানীয় কয়েকজন জানান, বর্তমান সময়ে এ অঞ্চলে হাতির পিঠে চড়ে বিয়ে করার ঘটনা শুনেননি তারা। আবার ঘোড়ার গাড়িতে কনে শ্বশুর বাড়িতে ফেরাটাও নতুন। পুরো ব্যাপারটা উপভোগ্য ছিল বলে জানানা তারা।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কনে ফারহানা আক্তার বলেন, আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আমি শ্বশুর বাড়িতে ফিরলাম ঘোড়ার গাড়িতে। এটি আমার জীবনের অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

বর ফারহান ফয়সাল বলেন, ছোটবেলা থেকেই আমার বাবা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প শোনাতেন। এরপর থেকে আমিও স্বপ্ন দেখি হাতির পিঠে চড়ে বিয়ে দেখার। সেই ইচ্ছে পূরণের জন্য আজকের এই আয়োজন।

বরের বাবা ফজলুর রহমানের বলেন, ফারহান ফয়সাল তার শ্বশুরের শখ তার প্রিয় জামাই হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবেন। আর মেয়ে ফিরবেন ঘোড়ার গাড়িতে। সেই ইচ্ছা পূরণ করতে এই আয়োজন। প্রায় অর্ধ লক্ষ টাকায় হাতি ও ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়।

কনের বাবা দুলাল হোসেন বলেন, আমার ইচ্ছে ছিল ছোট মেয়ের বিয়েতে ব্যতিক্রম আয়োজন করবো, সেই ইচ্ছে থেকেই আজকের আয়োজন। সংস্কৃতির সেই ঐতিহ্যবাহী আয়োজনটি করতে পেরেছি। বিয়েতে দুই পরিবারে আত্মীয়-স্বজন সবাই অনেক মজা ও আনন্দ করেছেন।

মাহফুজ রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।