জয়পুরহাট
তেল পাচারকালে জনতার হাতে আটক, মারধর করে পুলিশে সোপর্দ
জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে মজুত করা ৮০ লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৬০ লিটার হরিলুট হয়ে যায়।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা-মাত্রাই সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে জনতার হাত থেকে আটক দুজনকে অবশিষ্ট ২০ লিটার তেলসহ উদ্ধার করে।
আটকরা হলেন জেলার কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং একই উপজেলার হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শাকিল হাসান ও সাজাদুল ইসলাম একটি নীল রঙের প্লাস্টিকের জেরিক্যানে করে প্রায় ৮০ লিটার তেল কালোবাজারে বিক্রির জন্য ব্যাটারিচালিত ভ্যানযোগে নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে স্থানীয় জনতা ভ্যানের গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে জেরিক্যানের মুখ খুললে অবৈধভাবে মজুত করা তেলের বিষয়টি ধরা পড়ে। এসময় উত্তেজিত জনতা ওই দুজনকে মারধর করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জেরিক্যানে থাকা ৮০ লিটার তেলের মধ্যে প্রায় ৬০ লিটার তেল উত্তেজিত জনতা হরিলুট করে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে জনতার হাত থেকে ওই দুজনকে উদ্ধার এবং অবশিষ্ট তেল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা আটক দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাহফুজ রহমান/এসআর/এএসএম