ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিললো ১২০০ লিটার ডিজেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় তার বাড়ি থেকে ১২০০ লিটার মজুতকৃত ডিজেল জব্দ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালানো হয়।

অভিযানে ৬টি ব্যারেল থেকে মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ১৬টি খালি ব্যারেলও উদ্ধার করা হয়েছে।

অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে র‍্যাব সদস্যদের একটি দল অংশ নেয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

আহসানুর রহমান রাজী/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।