ব্রাহ্মণবাড়িয়ায় নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়ার শরিফুর রহমানের ছেলে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তালহা রহমান নামের আরও এক কিশোর আহত হয়েছে।
আদিয়াত রহমানের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে যায় আদিয়াত। দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাদের পথ অবরোধ করে। এসময় তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে আদিয়াত প্রতিবাদ করে। তখন ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং তার এক বন্ধুকে মারধর করে।
এ ঘটনায় একজন ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছেন। বাকিরা পালিয়ে যান। পরে আদিয়াতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস