নিজ কক্ষ থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
গাজীপুর মহানগরীর পুবাইলের মেঘডুবি এলাকায় কুলসুম বেগম (৪৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছে নিহতের পরিবার।
রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এমএম নিয়াজ উদ্দিন স্কুলের পাশের একটি বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম বেগম ওই এলাকার মৃত আতাব উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত কুলসুম বেগম ওই বাড়ির চারটি কক্ষের মধ্যে দুইটিতে বসবাস করতেন এবং বাকি দুটি কক্ষ ভাড়া দিয়ে সামনের একটি দোকানে ব্যবসা পরিচালনা করতেন। রোববার রাতে বাড়ির একটি কক্ষে ডাইনিং টেবিলের ওপর কাটা ফল সাজানো অবস্থায় পাওয়া যায়। অন্য একটি কক্ষে তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে ময়না জানান, দুপুরে মায়ের সঙ্গে তার শেষবার কথা হয়। তখন তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। পরে রাত ৮টার দিকে তার ভাইয়ের স্ত্রী ফোন করে জানান, কুলসুম দরজা খুলছেন না এবং কোনো সাড়া দিচ্ছেন না। খবর পেয়ে তিনি স্বামী ও আত্মীয়দের নিয়ে গিয়ে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
তিনি বলেন, আমার মাকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এমএস