চার নায়িকার ‘প্রেশার কুকার’ ছবিটি কত আয় করলো, জানালেন পরিচালক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
চার নায়িকার ‘প্রেশার কুকার’ ছবিটি কত আয় করলো, জানালেন পরিচালক

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ নতুন মাইলফলক ছুঁয়েছে। দেশ-বিদেশের দর্শকদের আগ্রহ ও ইতিবাচক সাড়ায় ছবিটি এবার ৩ কোটি টাকা আয়ের ঘরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

স্বল্পসংখ্যক হল নিয়ে মুক্তি পেলেও শুরু থেকেই আলোচনায় আসে ‘প্রেশার কুকার’। ভিন্নধারার গল্প ও নির্মাণশৈলীর কারণে সিনেমাটি দর্শকদের নজর কাড়ে। এতে অভিনয় করেছেন চার নায়িকা নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত। আরও আছেন ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।

সাফল্যের খবর জানিয়ে নিজের ফেসবুক পোস্টে রাফী লেখেন, ‘ধন্যবাদ আপনাদের, ‘প্রেশার কুকার’-এর মতো একটি এক্সপেরিমেন্টাল ও ভিন্নধারার সিনেমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কল্পনাও করিনি, আপনারা এভাবে পাশে থাকবেন।

সবচেয়ে কম শো নিয়ে শুধুমাত্র সিনেমা হল থেকেই ৩ কোটি টাকার ঘরে প্রবেশ, এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। এই ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি। এটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। আমাদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

ছবিটি নিয়ে নির্মাতা রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত চলচ্চিত্র উৎসবে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহেও এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।’

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।