রিপনের ‘অভিষেক’
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সিতে অভিষেক হচ্ছে রিপন মন্ডলের। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে এর মধ্যে তাকে জাতীয় দলের অভিষেক ক্যাপও পরিয়ে দেওয়া হয়েছে।
তবে এর আগেও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রিপন। ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি পেসার। ওই ৩ ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন তিনি। বিপিএলে ৩ দলের হয়ে ১৯ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন এই রিপন। সবমিলিয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচে তার শিকার ৫৯ উইকেট। গেলো বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বড় অবদান ছিল রিপনের। ৮ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট।
রিপন মন্ডলের জাতীয় দলে অর্ন্তভুক্তি নিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার বলেন, ‘আপনারা দেখেছেন দুজন নতুন মুখ আমরা অন্তর্ভুক্ত করেছি- রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। রিপন মন্ডল খুব ভালো করছিলেন। আমরা মনে করছি, ডেথ ওভারে এবং শুরুর দিকেও তার উইকেট নেয়ার সক্ষমতা রয়েছে। সেটা আমরা ভালোমতো ব্যবহার করতে পারব।’
এছাড়া আজ ৩ পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভষিক্ত রিপনের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। এরপর অধিনায়ক লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে আছেন অফ স্পিনার শেখ মেহেদী।
এসকেডি/এমএস