যশোর

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মো. আব্দুল মতিন। এর আগে শনিবার এক চিঠির মাধ্যমে তিনি এ নির্দেশ দেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, পরীক্ষা কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বি. কে. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এন.ইউ.আর. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, হরিদ্রাপেতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও শার্শার বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত এসএসসির বাংলা ২য় পত্র পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র কোড-৫৩১) কেন্দ্রে ১২ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ানো হয়। এতে শিক্ষার্থীদের ফলাফলে বিপর্যয়ের সম্ভাবনা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় বোর্ড। গত শনিবার এক চিঠির মাধ্যমে এই ৬ শিক্ষককে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মো. আব্দুল মতিন জানান, পরীক্ষাসংক্রান্ত অনিয়মের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। যথাযথ নির্দেশনার পরও তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।