জমি নিয়ে বিরোধ, ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে মো. শামীম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীমের সঙ্গে তার ফুপাতো ভাই সুলতানের ছেলে লিংকনের মধ্যে পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে বিষয়টি নিয়ে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিংকন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে শামীমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীমের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমার স্বামীকে লিংক ছুরি মেরে হত্যা করেছে। এখন আমার কী হবে? আমি এ ঘটনার বিচার চাই। লিংকনের ফাঁসি চাই।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত লিংকন পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এসকে রাসেল/এসআর/এএসএম