কুষ্টিয়ায় পীর শামীম হত্যার দুই সপ্তাহ পর দুজনকে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
গ্রেফতার দুজন ও নিহত আব্দুর রহমান ওরফে শামীম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার দুই সপ্তাহ পর এই প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে এ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার দিন ধারণ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীম ওরফে জাহাঙ্গীরের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেন। একপর্যায়ে দরবার প্রধান পীর শামীমকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।