অবশেষে মুক্তি পাচ্ছে বুবলীর সেই সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
অবশেষে মুক্তি পাচ্ছে বুবলীর সেই সিনেমা

বর্তমান সময়ের ঢালিউডের অন্যতম আলোচিত মুখ শবনম বুবলী। গ্ল্যামার, আত্মবিশ্বাস ও অভিনয়ের ভিন্নধর্মী উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি চরিত্রনির্ভর কাজেও নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী।

সেই ধারাবাহিকতায় কাজ করেছেন সরকারি অনুদানে নির্মিত তার অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’য়। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল সিনেমাটি। নির্মাণের একপর্যায়ে নাম পরিবর্তন করে ‘পুলসিরাত’ রাখা হলেও পরে আবার ‘সর্দারবাড়ির খেলা’ নামেই ফিরে আসে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রকাশ করা ট্রেলারে জানানো হয়, আগামী ৮ মে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সর্দারবাড়ির খেলা’। ছবিতে তুলে ধরা হয়েছে লাঠিয়ালদের সংগ্রামী জীবন, গ্রামীণ বাস্তবতা ও মানুষের টানাপোড়েনের গল্প। নির্মাতা রাখাল সবুজের এটি প্রথম চলচ্চিত্র।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

ট্রেলারে দেখা যায়, রোশান একজন দক্ষ লাঠি খেলোয়াড় হলেও দারিদ্র্যের কারণে সংগ্রামী জীবন পার করছেন। অন্যদিকে বুবলী অভিনীত তরুলতা চরিত্রটি গল্পে করুণ বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। অভাবের তাড়নায় বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতারণার শিকার হয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় সে।

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।