শেকৃবিতে এক অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা সামাদ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ। তিনি ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যাবতীয় খরচ বহন করার দায়িত্ব গ্রহণ করেছেন। এরই মধ্যে ওই শিক্ষার্থীকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) শেকৃবির টিএসসি কমপ্লেক্সে নিজে উপস্থিত থেকে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন ছাত্রদল নেতা সামাদ।
খোঁজ নিয়ে জানা গেছে, শেকৃবির অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে ভর্তির সুযোগ পেলেও চরম আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তায় পড়ে যায়। বিষয়টি নজরে আসার পর আব্দুস সামাদ দ্রুত যাচাই-বাছাই করে তার পাশে দাঁড়ান এবং ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ/ছবি: সংগৃহীত
এ বিষয়ে ছাত্রদল নেতা আব্দুস সামাদ বলেন, মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা একে অপরের পাশে দাঁড়াই। কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন শুধু অর্থের অভাবে থেমে থাকতে পারে না। আমরা সেই জায়গা থেকেই কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যে সাম্য, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই লক্ষ্য এবং আদর্শ ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যে কোনো যৌক্তিক প্রয়োজনে সহযোগিতা করা হবে।
সহায়তা পাওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেকৃবিতে চান্স পাওয়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় স্বপ্নটা ভেঙে যেতে বসেছিল। কিন্তু সামাদ ভাই নিজে খোঁজ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। এখন আমি আত্মবিশ্বাসের সঙ্গে আমার লক্ষ্য পূরণের পথে এগোতে পারবো, ইনশাআল্লাহ।
এমডিএসএ/এমএমকে