ভিসার দক্ষিণ এশিয়ার নতুন গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৫ এএম, ২৮ এপ্রিল ২০২৬
ভিসা ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি/ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ডিজিটাল পেমেন্ট কোম্পানি ভিসা ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন সুরেশ শেঠি। এখন থেকে তিনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানে ভিসার কৌশল ও পরিচালন কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।

এর আগে এ দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ, যিনি সম্প্রতি ভিসা ছাড়ার ঘোষণা দেন। সুরেশ শেঠি ভারতের মুম্বাই থেকে দায়িত্ব পালন করবেন এবং সরাসরি ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনকে রিপোর্ট করবেন।

স্টিফেন কার্পিন বলেন, ভারত ও দক্ষিণ এশিয়া ভিসার সবচেয়ে গতিশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুরেশ শেঠির অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গ্রাহক, অংশীদার ও নীতি-নির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ অঞ্চলে ভিসার শক্ত অবস্থান আরও সুদৃঢ় হবে এবং ডিজিটাল পেমেন্টের বিকাশ অব্যাহত থাকবে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সুরেশ শেঠি বলেন, ভারত ও দক্ষিণ এশিয়ার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত এগিয়ে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিতে পেরে তিনি আনন্দিত। ভিসার পরবর্তী প্রবৃদ্ধি নির্ভর করবে পরিসর বৃদ্ধি, আস্থা এবং বহুমুখী পেমেন্ট ইকোসিস্টেমে উদ্ভাবনের ওপর।

তিনি বলেন, ভিসার বৈশ্বিক সক্ষমতা, শক্তিশালী অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত নেতৃত্বের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা ও ব্যবহার আরও বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পেমেন্ট সল্যুশন নিশ্চিত করা যাবে।

দীর্ঘ কর্মজীবনে সুরেশ শেঠি আর্থিক খাতে উদ্ভাবন ও ইকোসিস্টেমভিত্তিক প্রবৃদ্ধি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। ভারত ছাড়াও আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে তিনি India Post Payments Bank-এর প্রতিষ্ঠাতা সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মডেল গড়ে তোলেন।

এছাড়া তিনি Vodafone M-Pesa India-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, Yes Bank-এর গ্রুপ প্রেসিডেন্ট এবং Citigroup-এ বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি Protean eGov Technologies Limited-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

ইএআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।