এসএসসি পরীক্ষা দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো পরীক্ষার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী রবিন মিয়া (১৬) ওই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। সে স্থানীয় চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, সকালে প্রচণ্ড বেগে ঝড় হচ্ছিল। এ সময় রবিন মিয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে রবিন নামে শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।