বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রলপাম্পে জ্বালানি নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় ‘রায়হান ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম আল রায়হান। তিনি গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এছাড়া তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেনের ছোট ছেলে।

অপরদিকে মারধরের শিকার কনস্টেবল শওকত হোসেন নাচোল থানায় কর্মরত রয়েছেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ফিলিং স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলেন কনস্টেবল শওকত হোসেন। এ সময় আব্দুল্লাহ আল রায়হান তাকে চলে যেতে বললে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তাকে থাপ্পড় ও লাঠি দিয়ে মারধর করা হয়।

তবে অভিযোগের বিষয়ে জানতে আব্দুল্লাহ আল রায়হান ও তার বাবা আশরাফ হোসনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। তবে এর আগেই রায়হান সেখান থেকে চলে যান। পুলিশ তাকে আটক করতে পারেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম বলেন, আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তবে পুলিশ কনস্টেবলকে মারধরের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সোহান মাহমুদ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।